সাঁথিয়া সংবাদদাতা :
পাবনার সাঁথিয়ায় নদীর পানিতে ডুবে মারা গেছে আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫) নামে দুই শিশু। শনিবার উপজেলার করমজা ইউনিয়নের পুণ্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। ইনামুল হক উপজেলার আটিয়াপাড়া গ্রামের আজাদুল হকের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুলের মা মারা গেলে শিশু ইনামুল তার মা-বাবার সঙ্গে নানিকে দেখতে আসে। শনিবার ছিল মিলাদ মাহফিল। অনুষ্ঠানে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। আয়শা ও ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়।
এ সময় বল আনতে গিয়ে দু’জনেই ডুবে যায়। পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের বলসহ ভাসতে দেখেন। সেখান থেকে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আমন্ত্রণ/এসিজি


































