পাঁচবিবি সংবাদদাতা :
জয়পুরহাটের পাঁচবিবি রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এর কোনো প্রতিকার না পাওয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এরপর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের সামগ্রী মাঠে স্তূপ করে রাখা হয়েছে। দেয়ালের ভাঙচুর করা অংশ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভালো মানের ইট, বালু ও খোয়া দিয়ে নতুন করে ভবন নির্মাণ করতে হবে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, এলাকার ছেলেমেয়েরা এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ভবনের কাজের শুরু থেকেই নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে করছে। এলাকাবাসী বাধা দিলেও প্রধান শিক্ষক ও ঠিকাদারের লোকজন গুরুত্ব দেননি।
রামতনু গ্রামের শহীদ হোসেনের ভাষ্য, নিম্নমানের ইট, বালু দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ হলে তা ভবিষ্যতে কোমলমতি শিশুদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা সবুর হোসেন বলেন, নিম্নমানের ইট দিয়ে ভবন নির্মাণের কাজ চলছিল, এটা সত্য। তবে এলাকাবাসী তাতে বাধা দিয়েছেন। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। নতুন ইট এনে কাজ করা হবে।
যোগসাজশের অভিযোগ অস্বীকার করে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট এনে কাজ করেছে। তিনি বাধা দিলেও তারা গুরুত্ব দেননি।
আমন্ত্রণ/এসিজি


































