গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবিয়ে সাত বছরের শিশু কন্যা রাফিয়া খাতুনকে হত্যার অভিযোগে সৎমা ইশাত বেগমকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। হত্যাকান্ডের শিকার শিশু রাফিয়া দরবস্ত ইউনিয়নের দরবস্ত কানিপাড়া গ্রামের রানার কন্যা।
স্থানীয়রা জানান বিকেল ৪টার দিকে গোসল করার কথা বলে রাফিয়া কে সৎমা ইশাত বেগম বাড়ীর পাশের পুকুরে নিয়ে যায়। গোসল করানোর সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইশাত বেগম রাফিয়াকে তার দু’পায়ের মাঝ রেখে পুকুরের পানিতে ডুবিয়ে ধরে থাকে। এ সময় পুকুর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে ফেলায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিশুটি হত্যা অভিযোগে শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী সৎমা সহ বাড়ীটি ঘেরাও করে রাখে। পুলিশ খবর পেয়ে সৎমা ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান আসাদ জানান, গ্রামবাসী ও পরিবারে অভিযোগের প্রেক্ষিতে ইশাত বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্ততি চলছে। ময়না তদন্ত সম্পন্ন হলে শিশুটির মুত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আমন্ত্রণ/এসিজি


































