পার্বতীপুর সংবাদদাতা :
দিনাজপুরের পার্বতীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার (১৮ আগস্ট)দুপুরে বিক্ষোভসহ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে,পার্বতীপুর সরকারি কলেজে প্রায় দুই বছর ধরে সহকারী অধ্যাপকের মতো জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতির বহির্ভূতভাবে একজন প্রভাষক মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সকল নিয়ম কানুন উপেক্ষা করে এই কলেজে যোগ্য সিনিয়র শিক্ষক থাকা সত্বেও একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে দেওয়ায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। অনতিবিলম্বে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল হক সহ বেশ ক’জন শিক্ষক বক্তব্য রাখেন।
শিক্ষকদের পাশাপাশি কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবী করে। তাদের দাবি এই অযোগ্য ও দুর্নীতিবাজ অধ্যক্ষেকে অপসারণ করতে হবে। তাকে অপসারণ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের অনুপস্থিতির কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমন্ত্রণ/এসিজি


































