সৈয়দপুর প্রতিবেদক :
নীলফামারীর সৈয়দপুর উপজেলার দৈনিক কালের কণ্ঠ ও করতোয়া প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাড়িতে দফায়-দফায় হামলা, প্রাণনাশের হুমকি প্রদান, সময় টিভির ষ্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদলের নতুন বাবুপাড়ার বাড়িতে হামলা ও দৈনিক জনতার প্রতিনিধি নিজু কুমার আগরওয়ালার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বাড়িতে ভাংচুর ও মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সৈয়দপুর প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হওয়ার পর এসব ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সম্বলিত একটি আবেদনপত্র রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকীর নিকট প্রদান করা হয়েছে।
সাংবাদিক লুতুর পারিবারিক সূত্র জানায়, গত ৫ আগস্ট সোমবার আওয়ামী লীগ সরকার পতনের পর রাত ৯টার দিকে বাড়িতে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও দরজা জানালা ভাঙচুর করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকী দিয়ে চলে যায়। এরপর রাত ১১টা পর্যন্ত একই কায়দায় আরো দুই দফা হামলা চালানো হয়। পরে আবার শুক্রবার (৮ আগস্ট) বেলা ১০টার পর এক দফা এবং দুপুর দুইটার পর আরেক দফা হামলার চেষ্টা চালায়। এসময় প্রতিরোধ করা হলে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
একইদিন গত ৫ আগস্ট সোমবার সময় টিভির ষ্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদলের নতুন বাবুপাড়ার বাড়িতে হামলা ও দৈনিক জনতার প্রতিনিধি নিজু কুমার আগরওয়ালার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বাড়িতে ভাংচুর ও মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
হামলা, ভাংচুর মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার ভুক্তভোগীরা এসব কর্মকান্ডে কোনো রাজনৈতিক দল ও বৈষম্য-বিরোধী আন্দোলনকারীদের কেউ জড়িত নয় বলে নিশ্চিত করে জানান, ব্যক্তিগত আক্রোশের কারণে সুযোগ-সন্ধানী দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে।
সংবাদকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, আসবাবপত্র ও মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আবু-বিন-আজাদের সভাপতিত্বে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত জরুরী সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সময় টিভি’র স্টাফ রিপোর্টার ও ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমআর আলম ঝন্টু, বর্তমান সাধারণ সম্পাদক জিকরুল হক, সদস্য মেহেরুন নেছা, ওমর ফারুক প্রমুখ।
সভায় সর্ব-সন্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ার পর এসব ঘটনার প্রতিকার চেয়ে ও দোষী ব্যক্তিদের শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকীর নিকট একটি আবেদন প্রদান করা হয়েছে। এ আবেদন প্রদানের সময় উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকীর অফিসে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
সাংবাদিকের বাড়িতে হামলার প্রতিবাদে সৈয়দপুর প্রেসক্রাবের জরুরি সভা
আগস্ট ১১, ২০২৪
































