জয়পুরহাট আমন্ত্রণ প্রতিবেদক :
জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের সন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি মামলার বিবরণে জানান, আসাদুজ্জামান আসাদুলের ভাই ও ভাবীদের সাথে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। তার ভাই ভাবীর বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া-আসার কারণে তার সাথেও বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে মারপিট করেন রেশমা। মানিকের স্ত্রী থানায় মামলা করলে রেশমা কয়েকদিন জেলে ছিলেন।
পরে, ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায়, আসাদুলের ভাই ও ভাবীকে ফাঁসাতে রেশমা নিজের ৬ বছরের সন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন।
আমন্ত্রণ/এজি


































