হাবিপ্রবি প্রতিবেদক :
কোটা আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের প্রতিবাদে কফিন মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে কফিন মিছিলটি করে হাবিপ্রবির শিক্ষার্থীরা। “সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবোনা”,”কোটা না মেধা;মেধা মেধা”, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”,”শিক্ষকেরা চুপ কেন, জবাব চাই জবাব চাই”, “হাবিপ্রবিতে হামলা কেন,জবাব চাই,জবাব চাই” হাবিপ্রবি সংলগ্ন মহাসড়কের ওপর এমন শ্লোগান দিতে দিতে তারা বিশ্ববিদ্যালয়ের ১ নং এবং ২ নং ফটক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে নিহত আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে আন্দোলনকার শিক্ষার্থীরা বলেন, “আমরা নিহত আবু সাঈদকে আজীবন স্মরণ রাখতে চাই। গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ওপর যে হামলা চালানো হয় তা অত্যান্ত অতর্কিত এবং দুঃখজনক। তবে তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে আমরা তাদের ছোট ভাই, বোন।আমরা কারও ক্ষতি করিনি।আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনু্যায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ে পরবর্তী আন্দোলন চালিয়ে যাবো।” বিকেল প্রায় চারটার দিকে শেষ হয় কফিন মিছিলটি।
আমন্ত্রণ/এজি


































