আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। এক সময় একের পর এক সিনেমায় অভিনয় করলেও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ের পর থেকে অনেকটাই দূরে চলে যান অভিনয় থেকে। সেভাবে তাকে আর নতুন সিনেমায় অভিনয় করতে এখন আর দেখা যায় না। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই বলিউড তারকা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে বিরাট ও আনুশকা তাদের সন্তান নিয়ে স্থায়ীভাবে লন্ডনে বসবাসের পরিকল্পনা করছেন।
সোশ্যাল মিডিয়ায় এখন একটাই চর্চা। আনুশকা-বিরাট কি একেবারেই দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন? নাকি শুধুই ছুটি কাটানো! তবে এসব গুঞ্জনে কান দিচ্ছেন না আনুশকা কিংবা বিরাট কেউই। বরং সন্তানদের নিয়ে দিব্য টেমস নদীর তীরে সময় কাটাচ্ছেন তারা। এই যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইসকনের মন্দিরে বিরাট ও আনুশকার কীর্তনের ভিডিও। আর এবার লন্ডন থেকে ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করলেন আনুশকা। যে ছবি দিয়ে আনুশকা দিয়েছেন ভালোবাসার ইমোজি। একই দিনেই ভাইরাল হয়েছে লন্ডন বিমানবন্দরে বিরাটের ভিডিও।
আনুশকা শর্মা অনেক দিন ধরেই তার সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছেন। ভারতে সেভাবে আর আসতে দেখা যায় না তাকে। কোহলিও সম্প্রতি বিশ্বকাপের পর ভারতীয় দলের সংবর্ধনা শেষে লন্ডনে পরিবারের কাছে গিয়েছিলেন; কিন্তু আনুশকা আসেননি। তাই ধারণা করা হচ্ছে, পরিবার নিয়ে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন ভারতের এ জনপ্রিয় দম্পতি।
এ দম্পতির বর্তমানে দুটি সন্তান রয়েছে। তাদের প্রথম কন্যাসন্তান ভামিকা। যাকে নিয়ে এরই মধ্যে লন্ডনের বেশ কিছু শহরে ঘুরে বেড়াতে দেখা যায় এ দম্পতিকে। এ ছাড়া তাদের দ্বিতীয় ছেলে সন্তান অকায়ের জন্মই হয়েছে লন্ডনে। তাই কোহলির অবসরের পর তাদের ঠিকানা যে এ দেশটিতে হতে যাচ্ছে, তার আভাস অনেক আগেই দিয়েছিলেন এ দম্পতি। এক সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন, তারকা হলেও এমন জীবন তারা চান না। সাধারণ মানুষের মতোই থাকতে চান। সে কারণেই ভারত ছেড়ে ইউরোপে হতে পারে তাদের বসবাস।
২০১৭ সালে ইতালির মিলান শহরে ভারতের সাবেক এ অধিনায়ককে বিয়ে করেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর আনুশকাকে হাতেগোনা কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। তার মধ্যে ক্যামিও চরিত্র ও প্রযোজনাতেও দেখা যায় তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটি। এটি এ বছর মুক্তির কথা রয়েছে।
আমন্ত্রণ/এজি
আনুশকা শর্মা স্থায়ী হচ্ছেন লন্ডনে!
জুলাই ১১, ২০২৪


































