আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বুধবার (২১ অক্টোবর) ১১টার দিকে মারা গেলেন বড়ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মা সৈয়দা মাজেদা খাতুন (৭৫) নিজ বাড়িতে মারা যান। মা ও ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দা মাজেদা খাতুন ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক ও বারোকোনা গ্রামের সৈয়দ আবুল মাহমুদ চাঁদের স্ত্রী এবং তাঁর ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন ছিলেন পরিবারের বড় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বারোকোনা গ্রামে নিজ বাড়িতে মারা যান সৈয়দা মাজেদা খাতুন। মায়ের মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সৈয়দা মাজেদা খাতুন ও ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর শোকে ১২ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা
অক্টোবর ২২, ২০২৬
































