বগুড়া ব্যুরো :
বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় আফিফ চিপস নামে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও নিম্নমানের রং ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ার আফিফ চিপস কারখানায় অভিযান চালানোর সময় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করতে দেখা যায়। এ ছাড়া কারখানায় বিক্রয়ের জন্য নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ, চিপস তৈরিতে খাদ্যলবণের বদলে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং কোনো মান যাচাই ছাড়া নিম্নমানের রং মেশানোর প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা। একই সঙ্গে চিপস তৈরির কাজে নিয়োজিত কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছিলেন না।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে কারখানায় থাকা আনুমানিক ৩ মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। এ ছাড়া ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে সেগুলোর উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি করে এমন যেকোনো খাদ্যদ্রব্য উৎপাদনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় অপরিচ্ছন্ন ছাদে শুনানো হচ্ছিল চিপস অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ৫০ হাজার টাকা জরিমানা
অক্টোবর ৫, ২০২৬
































