আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি নবাব আলী মন্ডলকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবাব আলী ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবাব আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যা, নাশকতা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা হয়েছে। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে অন্তত নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আরিফুল ইসলাম ওরফে হিটলু হত্যা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছিল। ওই মামলায় ২০২২ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছিল।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর সকালে বেড়েরবাড়ি এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সরকারি রাস্তার পাশ থেকে প্রায় ১১টি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে নবাব আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হলে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভারশাহী গ্রামে বিএনপির কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে নবাব আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগেও নবাব আলীর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং পরে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে নাশকতা-হত্যাসহ ১০ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
সেপ্টেম্বর ২৬, ২০২৬
































