দৈনিক আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
আগামী অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের আগে জুলাইয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে অংশ নেবে টাইগ্রেসরা। দুই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির সেরা মঞ্চ ছিল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। তবে সিলেটে চরম ব্যাটিং ব্যর্থতায় ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে আজ শেষ ম্যাচেই সর্বোচ্চ ১৩৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দুই ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৯ এবং ৮ উইকেটে ১১৭। প্রথম ম্যাচে রান তাড়ায় নেমে প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ১০১ রান। বৃষ্টি বাধায় ১৪ ওভারের চতুর্থ ম্যাচে বাংলাদেশ করতে পেরেছিল ৭ উইকেটে ৬৮ রান।
সিরিজ শেষে মূল্যায়নে ব্যাটিং বিভাগের উন্নতিতে জোর দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘ব্যাটিং হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের কাজ করতে হবে। আমাদের অ্যাপ্রোচ ও ব্যাটিং ইনটেন্ট নিয়ে কাজ করা প্রয়োজন। আমরা ক্রিজে সেটেল হয়ে আউট হয়ে যাচ্ছি। আজ রিতু দেখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হবে।’
ব্যাট হাতে ঠিকমতো ফর্মে ছিলেন না জ্যোতি। তবুও এই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পাঁচ ম্যাচে এক ফিফটির সুবাদে করেছেন ৯৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান এসেছে দিলারা আক্তারের ব্যাট থেকে। চার ম্যাচ খেলে মুর্শিদা খাতুন ৬৯ ও রিতু মণি ৬৬ রান করেছেন।
ব্যাটিংয়ে ঘাটতি থাকলেও বোলিংয়ে নজর কেড়েছেন লেগ স্পিনার রাবেয়া খান ও পেসার মারুফা আক্তার। সিরিজে চার ইনিংসে বোলিং করে দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন রাবেয়া। মারুফা ৫ উইকেট শিকার করে যৌথভাবে আছেন তৃতীয় অবস্থানে।
ব্যাটিংয়ে উন্নতিতে জোর দিচ্ছেন জ্যোতি
মে ১০, ২০২৪


































