আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সফল মৎস্যচাষী বুলবুল আহমেদ মিঠু ও জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম।
সভায় বক্তারা মৎস্য উৎপাদন বাড়ানো, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মৎস্যচাষে সফল তিনজন মৎস্যজীবীর মাঝে ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন
আগস্ট ১৭, ২০২৬
































