উদ্ধারের চেষ্টা অব্যাহত, শোকে মুহ্যমান বিদ্যালয় চত্বর
আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী বন্ধু ও সহপাঠিদের সঙ্গে নিজ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে বিপ্লব চন্দ্র আবির (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।
পুকুরের পানিতে নিখোঁজ শিক্ষার্থী বিপ্লব চন্দ্র আবির ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির ছাত্র এবং ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল গ্রামের রিকশাভ্যান চালক বিজন মন্ডল ও শংকরী রানীর ছেলে।
ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে।
পুকুরে নিখোঁজ বিপ্লব চন্দ্র আবিরের সহপাঠি উৎসব চন্দ্র, শাওন দাস, আলাউদ্দিন সেলিম, শ্রাবণ চন্দ্রসহ একবাধিক শিক্ষার্থী জানান, দুপুর সাড়ে ১২টায় তাদের ছুটি হওয়ায় তারা অন্তত ২০ জন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরের পানিতে গোসল করতে যায়। তাদের সঙ্গে বিপ্লব চন্দ্র আবিরও ছিল। গোসল করার এক পর্যায়ে বিপ্লব চন্দ্র আবিরকে হাফিয়ে যেতে দেখে বন্ধুরা তাকে পুকুর পাড়ে উঠিয়ে দেয়। পরে অন্যরা আবার গোসল করতে নামলে আবিরও তাদের সঙ্গে পুকুরে নামে। গোসল শেষে সবাই উপরে উঠলেও আবিরকে না দেখে এবং তার পোশাক, জুতা ও বাইসাইকেল পুকুর পাড়ে দেখতে পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। ধারনা করা হচ্ছে দ্বিতীয় বার গোসল করতে নেমে আবির উপরে উঠতে না পেরে পানির নিচে তলিয়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমির সরকার বলেন, বিদ্যালয়ের একজন অফিস সহকারীর মৃত্যুতে বিদ্যালয় ছুটি দেওয়ার পর ভোকেশনাল শাখার এক দল শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। অন্যরা উঠতে আসলেও বিপ্লব চন্দ্র আবির উঠে না আসার বিষয়টি জানার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে দুপুর ২টা থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানিতে আবিরের সন্ধ্যানে তল্লাশী কার্যক্রম চালাচ্ছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ আবিরের কোনো সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ ঘটনায় পুরো বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর উদ্বেগ উৎকন্ঠা। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুকুরপাড়ে ভিড় করছেন শত শত মানুষ।
সর্বশেষ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী বিপ্লব চন্দ্র আবিরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
জুন ১৮, ২০২৬
































