গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। তাই গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করতে হবে এবং এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।
উপজেলা প্রশাসন, হাকিমপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালাটি “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়।
আমন্ত্রণ/এজি
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে হাকিমপুরে কর্মশালা অনুষ্ঠিত
জুন ১৫, ২০২৬
































