আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় আব্দুল হালিম (৩৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর বাজার-ধেরুয়াহাটি পাকা সড়কের ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার (৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আব্দুল হালিম উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের হারান সেখের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে কৌশলে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ধেরুয়াহাটি ইটভাটা সংলগ্ন সড়কে দাঁড়িয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় পুলিশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জুন ৬, ২০২৬


































