মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন গত রোববার পরিবারসহ ঢাকা থেকে তাঁর শ্বশুরবাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন। আজ বুধবার সকালে দুই ভাইসহ কয়েকজন লিচু কেনার উদ্দেশ্যে খানসামার জোয়ার এলাকায় যান। ফেরার পথে কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামেন তারা।
গোসলের একপর্যায়ে মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন নদীর গভীর পানিতে তলিয়ে যান। তবে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ঘাটসংলগ্ন এলাকায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তে পড়ে দুই ভাই পানিতে তলিয়ে যান।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ওই স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। সেখানে গোসল করতে নামলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।”
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ডুবুরি দলের সহায়তায় দ্বিতীয় মরদেহ উদ্ধার করা হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কালিরবাজার ঘাট এলাকায় ভিড় করেন উৎসুক মানুষ ও স্বজনরা।
আমন্ত্রণ/এজি
খানসামায় এক মুহূর্ত, নিভে গেল দুই ভাইয়ের প্রাণ
জুন ৩, ২০২৬

































