আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে জানা যায় সর্বোচ্চ (১২৪৫) সমান নম্বর নিয়ে যৌথভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে মাহী ও জান্নাত । তারা দু’জনেই পাচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। মেধাবী ছাত্র মোঃ মুশফিকুর রহমান মাহীর বাবা মো. আব্দুল মোত্তালেব পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। অপরদিকে
উপজেলার কাটাপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) মো. আনিছুর রহমানের মেধাবী ছেলে মো. রিয়াজুল জান্নাত। সন্তানদের এমন সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী পরিবারের লোকজন আত্মীয়স্বজন পরিচিত বন্ধুবান্ধব ও প্রতিবেশীর সবাই খুশি ও আনন্দিত।
মুশফিকুর রহমান মাহী বলেন, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সেবামূলক কাজ ডাক্তারী পেশা। বিশেষ করে গ্রামের গরীব অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতেই পড়ালেখা করে আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। রিয়াজুল জান্নাত বলেন, আমার খুবই ইচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) পড়ালেখা করে ইন্জিনিয়ার হব। শিক্ষক পিতাদের অভিমত ছেলেরা পড়ালেখা শেষে কি হতে চায় তাতে আমাদের বাঁধা নেই। সন্তানদের যেকোন ভবিষ্যত ইচ্ছাতেই আমাদের সম্মতি আছে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দেশবাসীর নিকট দোয়া চান শিক্ষক বাবা।
পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান বলেন, এখন পর্যন্ত আমার জানা মতে উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমার প্রতিষ্ঠানের দু’জন শিক্ষার্থী সবচেয়ে বেশি এক সমান নম্বর নিয়ে পাশ করেছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক কঠোর পরিশ্রম করেছে। ভবিষ্যতেও আরো ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় আমরা সকল শিক্ষক মিলে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাব বলেও জানান প্রধান শিক্ষক মহোদয়।
আমন্ত্রণ/এসিজি


































