আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
দীর্ঘ সাত বছর পর ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। গোয়ায় চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। রক্ষণভাগের একের পর এক ভুল এবং আক্রমণে নিষ্প্রভ পারফরম্যান্সে ম্যাচজুড়ে ছন্দ খুঁজে পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই ভারতের মেয়েরা খেলায় আধিপত্য বিস্তার করে। সংগঠিত আক্রমণে তারা বারবার বাংলাদেশের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ৩৫তম মিনিটে পিয়ারীর গোলে এগিয়ে যায় ভারত। বক্সের ভেতরে ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে তিনি দারুণ শটে জাল খুঁজে নেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ, তবে উল্টো ভুলের খেসারত দিতে হয়। বক্সের ভেতরে সুরমা জান্নাতের ফাউলে পেনাল্টি পায় ভারত। বদলি খেলোয়াড় লিন্ডাকম পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। ম্যাচের শেষ দিকে মালাভিকার আরেকটি গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ে ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেছে ভারত। অন্যদিকে বড় ব্যবধানে হারলেও রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ৩ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স শুরু থেকেই প্রত্যাশা অনুযায়ী ছিল না। মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয় পেলেও রক্ষণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষেও সেই সমস্যা প্রকট হয়ে ওঠে। পুরো ম্যাচে ঋতুপর্ণা চাকমার কয়েকটি দূরপাল্লার শট ছাড়া উল্লেখযোগ্য আক্রমণ গড়তে পারেনি দল।
ম্যাচের আগে দলে অধিনায়কত্ব ও একাদশে পরিবর্তনও প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সেমিফাইনালে ঘুরে দাঁড়ানোই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।
৭ বছর পর ভারতের কাছে ৩-০ গোলে বাংলাদেশের হার
জুন ১, ২০২৬


































