আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননী (৪২) এক নারীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে গোরাঙ্গ কুমার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন। অভিযুক্ত গোরাঙ্গ উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গাইঘাটিপাড়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মে সকাল ১০টার দিকে ভুক্তভোগী নারী পার্শ্ববর্তী গাবতলী উপজেলার চরপাড়া গ্রামে বোনের বাড়ি থেকে একা স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে বাঙ্গালী নদীর পাড় দিয়ে হাঁটার সময় নির্জন ঝোপঝাড়ের মধ্যে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্ত ব্যক্তি তার ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।
এ সময় ভুক্তভোগী নারী ধস্তাধস্তির এক পর্যায়ে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিতে স্বামীকে পুরো ঘটনা জানান। এরপর ২৩ মে রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুন অর রশিদ সরদার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে প্রতিবন্ধী নারীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আসামি ধরতে অভিযান
মে ২৪, ২০২৬


































