আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় স্মার্ট কৃষি গড়ে তোলার লক্ষ্যে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রায় একশত কৃষক-কৃষাণী এ কংগ্রেসে অংশ নেন।
‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের নিবিড়তা বাড়ানো এবং টেকসই কৃষি ব্যবস্থার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সারমিন আক্তার এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এখলাস হোসেন সরকার।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম, কৃষি উদ্যোক্তা মিহাজুল ইসলাম নাহিদ ও রিতা আক্তার।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এজি
































