বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক :
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আলোচনায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সেই সাথে ধ্বংস করে সেই মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এটি পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, বাড়ায় অপরাধ। ফলে এই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা নিজেরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মাঝে। সেইসাথে সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে তারা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, বন্ধু বা সহপাঠীদের কেউ মাদকের সাথে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রেখে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। মাদকের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ আত্র স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































