বগুড়া ব্যুরো:
বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে আনেছা বিবি (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণের কানের দুল ছিড়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা। নিহত আনেছা বিবি উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার সময় এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনেছা বিবি দীর্ঘদিন ধরে বাড়িতে একাকী বসবাস করতেন। ঘটনার দিন দুপুর সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার শয়নকক্ষে প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের কানে ও নাকে রক্তের দাগ ছিল। নিহত আনেছা বিবির এক ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত বলে জানা গেছে। একই গ্রামের মিজানুর রহমান নিয়মিতভাবে আনেছা বিবির খোঁজখবর রাখাসহ বাজার করে দিতেন। ঘটনার দিন বিকেলে মিজানুর আনেছা বিবির খোঁজ নিতে বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। তার সারাশব্দ না পেয়ে শয়নকক্ষে দিকে এগোতেই দেখেন দরজা খোলা। শয়নকক্ষের ভিতরে ঢুকে দেখেন আনেছা বিবি গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে রয়েছেন। এসময় তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবহিত করলে লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মামলা রুজু হলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই
জানুয়ারি ২৫, ২০২৬


































