বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে দুপুর আড়াইটার দিকে বগুড়ার রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু। খালেদা জিয়ার মনোনয়নপত্রে সমর্থক হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং প্রস্তাবক হয়েছেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।
এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।
১৭ বছর পর মনোনয়ন পত্র জমা দেবার খবরে ঘন কুয়াশা আর শীতের প্রকোপের মাঝেও অসংখ্য নেতাকর্মী জেলা প্রশাসনের চত্বরে ভিড় করে। তবে আচরবিধি মেনে ৫ জন গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এতেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এর আগে গত ২১ ও ২২ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে ৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। হেলালুজ্জামান তালুকদার লালুসহ স্থানীয় শীর্ষ নেতারা এসব ফরম উত্তোলন করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু জানান, আমরা আশাবাদী তিনি নির্বাচনে লড়বেন।
উল্লেখ্য, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৩১ হাজার। বগুড়া-৭ আসন বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়া ইতিপূর্বে এখান থেকে একাধিকবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আমন্ত্রণ/এজি
বগুড়া-৭ আসন : খালেদা জিয়ার পক্ষে মনোয়নয়নপত্র দাখিল
ডিসেম্বর ৩০, ২০২৫


































