বগুড়া ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।
তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং সমর্থক হয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সারাধণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য একেএম মাহবুবুর রহমান, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং শহর বিএনপির সভাপতি একেএম হামিদুল ইসলাম হিরু।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, নির্বাচনী আচরণ বিধি মান্য করে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
তারেক রহমান এই প্রথম মনোনয়ন পত্র জমা দেয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রচন্ড শীত ও কুয়াশার চাদর ভেদ করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ভিড় করেন। পরে আচরণ বিধি মেনে ৫ জনের একটি দল মনোনয়নপত্র দাখিল করেন।
আমন্ত্রণ/এজি
বগুড়া-৬ আসনে প্রথমবারের মতো তারেক রহমান মনোনয়নপত্র জমা দিলেন
ডিসেম্বর ৩০, ২০২৫


































