আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় উত্তাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) আছর নামাজ শেষে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে ধুনটের সর্বস্তরের জনতা।
সমাবেশ চলাকালে “খুনিদের ফাঁসি চাই”, “শহীদের রক্ত বৃথা যেতে দেব না”, “ভারতীয় আধিপত্য মানি না”—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রুহুল আমিন নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জিন্নাহুর রাকিব, হুসাইন সাদ্দাম ও মাওলানা রবিউল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন জিসান উল হাবিব, আব্দুল্লাহ আল নোমান, কামরুল ইসলাম, আশেকী ইলাহী শিবলী, হানজেলা আল আজাদী, মেহেদী হাসান, আশরাফুদ্দিন আল আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন সাহসী সৈনিক ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমন্ত্রণ/এজি


































