দৈনিক আমন্ত্রণ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক :
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাবা ও ছেলে। এ নিয়ে উপজেলার সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, শেষ পর্যন্ত হয়তো আবদুস ছালাম তালুকদার নির্বাচন থেকে সরে গিয়ে ছেলে রানাকে নির্বাচনের মাঠে রাখবেন। মনোনয়ন দাখিল করা আবদুস ছালাম তালুকদার মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনী মাঠে রয়েছেন তাঁর ছেলে আরিফুল কবির তালুকদার রানাও।
জানা গেছে, আরিফুল কবির তালুকদার রানা বেশ আগে থেকেই উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। এ জন্য উপজেলাজুড়ে পোস্টার সাঁটিয়েছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত থাকেন তিনি। তবে হঠাৎ করেই তাঁর বাবার মনোনয়নপত্র দাখিল করায় বিষয়টি নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এ উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে রাজনৈতিকভাবে কোনো সক্রিয়তা নেই রানার।
কথা হয় আবদুস ছালাম তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার মনে ভয় ছিল, যদি আমার ছেলের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়। এ কারণে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমাদের দুইজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’
তপশিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ করা হবে আগামী ৮ মে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটু আহমেদ জানান, উপজেলা চেয়ারম্যান পদে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শফিউল আলম, আকবর হোসেন হিরো, আরিফুল কবির তারুকদার রানা ও আবদুস ছালাম তালুকদার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে।


































