আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মথুরাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলী আকবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি গোয়ালভাগ গ্রামের কোরবান আলীর ছেলে। এরআগে শুক্রবার গভীর রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। ওই সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মশাল মিছিলকারীরা যুবদলের নেতাকর্মীদের ওপর ককটেল হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দু’দিন পর ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আলী আকবরকে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় কৃষকলীগ সভাপতির গ্রেফতার
নভেম্বর ১৫, ২০২৫
































