বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা দল থেকে অব্যাহতি পাওয়ার চার দিন পর বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮ টায় শিবগঞ্জ উপজেলার হাবিবপুর কলেজ মাঠে সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় তিনি সহস্রাধিক কর্মী ও অনুসারি নিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের সবুজ সংকেত প্রাপ্ত প্রার্থী মীর শাহে আলম জাপা নেতা মোত্তালের মোল্লাসহ অন্যদের দলে বরণ করে নেন।এর আগে মীর শাহে আলমের পক্ষে ধানের শীষের প্রচারণা চালানোর কারণে ২৫ অক্টোবর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী স্বাক্ষরিত এক এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা সভাপতির নির্দেশে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, যোগদান করা জাপা নেতা ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা বলেন, বিএনপিকে ভালবেসে এবং আমার বড় ভাই মাহমুদ হোসেন তৌফিকের নেতৃত্বে আগামী দিনে তারেক রহমানের কর্মী হিসেবে কাজ করতে চাই।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান। সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রবীণ বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা।
কর্মী সমাবেশে প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসার শেকড় এই শিবগঞ্জের মাটির গভীরে। বৃষ্টিভেজা জনসমুদ্রই প্রমাণ করেছে শিবগঞ্জের মাটি ধানের শীষের দুর্গ।
তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, পবিত্র ইসলাম ধর্মকে তারা অবমাননা করছে শুধুমাত্র একটি ভোটের আশায়। ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রির নামে ভন্ডামি করছে তারা।
শেষে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোরতেজার রহমান বাবুর ছেলে ইউপি সদস্য শাহীনের নেতৃত্বে সহস্রাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে অব্যাহতির পর জাতীয় পার্টির সম্পাদকের বিএনপিতে যোগদান
অক্টোবর ৩১, ২০২৫
































