আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রদিকেদক :
বগুড়ার ধুনট উপজেলার জিএমসি ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করতে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের মিলনায়তনে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবীনবরণকে ঘিরে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ এসেছেন আকর্ষণীয় সাজে, কেউবা সাধারণ পোশাকে। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা লাল গোলাপ ফুল দিয়ে নবাগতদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের।
সভায় আরও বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক রকিবুল হাসান বিদ্যুৎ, শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও শারমিন সুলতানা। বক্তারা কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও মনোযোগী হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীনবরণ উপলক্ষে সারাদিন জুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত ছিল জিএমসি ডিগ্রি কলেজ ক্যাম্পাস।
আমন্ত্রণ/এসিজি


































