বগুড়া ব্যুরো :
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। এখান থেকে পিছু হটার সুযোগ নেই। যেকোন মূল্যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ড. ইউনূসের চারপাশে ফ্যাসিবাদের দোসর এবং ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা সরকারকে বিভ্রান্ত করছে। তারা ড. ইউনূসকে একটি দলের পকেটে ঢুকানোর চক্রান্ত করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোন দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। দেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য রক্ত ঢেলে দিয়েছে। সরকারকে জনগণের মুখের ভাষা বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভালো হবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, অন্তর্বতীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে।
তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংষ্কার না করেই যেনতেনভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেবেনা। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধশালী, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মানিবক বাংলাদেশ গড়তে চায়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান।
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাও. আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, মোঃ আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।
রফিকুল ইসলাম খান বিএনপির প্রতি ইংগিত করে বলেন, একটি দল যুক্তিতে না পেরে যেনতেন একটা নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিচ্ছে। দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কালো টাকা, সন্ত্রাস, ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ এবং সবার ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই বলে তিনি দাবি করেন। সম্মেলনে প্রায় দেড় হাজার পুরুষ ও নারী রুকন অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে, না হলে পরিণতি ভালো হবে না -বগুড়ায় জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম
সেপ্টেম্বর ২১, ২০২৫
































