বগুড়া ব্যুরো :
বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেছেন পুলিশ কনস্টেবল আব্দুর রহমান। সেই সঙ্গে প্রতারণা করে ৯ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রায় ৪–৫ বছর আগে তালাকপ্রাপ্ত হওয়ার পর ওই নারীর সঙ্গে আব্দুর রহমানের পরিচয় হয়। তখন আব্দুর রহমান পাবনার সাঁথিয়া থানায় কর্মরত ছিলেন। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। তিনি দাবি করেন, বিবাহের প্রলোভন দেখিয়ে আবদুর রহমান দীর্ঘদিন তাকে সম্পর্কের মধ্যে জড়ান। এ সময় আব্দুর রহমান একাধিকবার বগুড়ার বিভিন্ন হোটেল ও পার্কে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
অভিযোগে বলা হয়েছে, এভাবে ঘনিষ্ঠ হওয়ার পর আব্দুর রহমান বিবাহের আশ্বাসে ওই নারীর কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা নেন। সর্বশেষ চলতি মাসে তিনি ছুটিতে গ্রামের বাড়ি আসেন। ৫ সেপ্টেম্বর বিকেলে সুযোগ বুঝে তার বাড়িতে গিয়ে আব্দুর রহমান তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর সেদিনই বিবাহের আশ্বাস দিয়ে কৌশলে সরে পড়েন।
ওই নারীর দাবি, ঘটনার পর তিনি কনস্টেবলের পরিবারের কাছে বিচার চাইলে তারা বিষয়টি প্রকাশ না করতে বলে দ্রুত বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে এরপর থেকে আব্দুর রহমান যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং কর্মস্থলে ফিরে যান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ
সেপ্টেম্বর ১৯, ২০২৫


































