বগুড়া ব্যুরো:
বগুড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দেড় কোটি টাকার দুনীতির অভিযোগে দায়ের করা মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালসহ ৩ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই মামলার রায় দেন।
এই মামলায় খালাস প্রাপ্ত অপর দুইজন হলেন বগুড়ার তৎকালীন এলজিইডির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগ বগুড়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কর্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আবদুল বাছেত ২০০৫ সালের ১ এপ্রিল হতে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্য়ন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি কাজে ১ কোটি ৪৭ লাখ টাকার অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আবদুল বাছেত ওই তিনজনের বিরুদ্ধে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে দুদকের পিপি উত্তম কুমার এবং খালাস প্রাপ্তদের পক্ষে অ্যাড. একেএম মাহবুবুর রহমান. অ্যাড. আতোয়ার রহমান ও অ্যাড.জাহিদুল ইসলাম বাচ্চু।
আমন্ত্রণ/এসিজি
দুদকের দেড় কোটি টাকার মামলায় খালাস পেলেন ডা. ফিরোজ
সেপ্টেম্বর ২, ২০২৫


































