হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী হওয়ায় এবং কম পরিশ্রম ও কম খরচে লাভ বেশি হওয়ায় পঞ্চগড়ে বাড়ছে ভুট্টার চাষ। এছাড়া বাড়িতেই এ ভুট্টা সহজে বিক্রি হওয়ায় পঞ্চগড়ের চাষীরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি (২০২৫-২০২৬) অর্থবছরে ভুট্টার লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ১০০ হেক্টর । আবাদ হয়েছে ৩০ হাজার ৭১০। সবচেয়ে বেশি আবাদ হয়েছে দেবীগঞ্জ উপজেলায়। সেখানে ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। পঞ্চগড়ে সুপার সাইন ২৭৪০, সুপার সাইন ২৭৬০, প্যাসিফিক ৯৮৮, পাইওনিয়ার ৩৩৫৫, কোহিনুর ৯০০, এম গোল্ড, ফরচুন ১০০ এসপি, সম্রাট, বাঘা ৩৩৫৫, ধামাকা, এন এইচ ৭৭২০, লাল তীর ৩৪৯, কাদেরী ৫৪৪, সুপার গোল্ড, ডন ১১১ আবাদ হয়েছে।
সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া প্রধান পাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি ৫০ শতক জমিতে পাইনিওর ৩৩৫৫ জাতের ভুট্টার আবাদ করেছি। বীজ, সার, সেচ, জমি চাষ ও ফসল তোলা বাবদ খরচ হয়েছে ২০ হাজার টাকা। ৫০ শতকে ভুট্টা হয়েছে ৫২ মন। ভুট্টা বিক্রি করেছি ৪০ হাজার টাকা। ৫০ শতকে লাভ হয়েছে ২০ হাজার টাকা।
সরকারপাড়া গ্রামের ভুট্টা চাষী আব্দুর রশিদ বলেন, গতবছর ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছি । ভালো দামে বিক্রি করে লাভবান হয়েছি। তাই এ বছর ১ বিঘা জমিতে জিরো ৫৫ জাতের ভুট্টার আবাদ করেছি। আবহাওয়া ভালো হলে ভুট্টার দাম ও চাহিদা বাড়ে। আবহাওয়া খারাপ হলে দাম ও চাহিদা কমে যায়। বর্তমানে প্রতি বস্তা (৮২কেজিতে ১ বস্তা) ভুট্টা বিক্রি হচ্ছে ১৬০০থেকে১৬২০ টাকা দরে। আশা করছি এবারও লাভবান হব।
ভুট্টা ব্যবসায়ী সালাম বলেন, আমি সাড়ে১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা দরে বস্তা হিসেবে ভুট্টা কিনি(৮২ কেজিতে ১ বস্তা)। আমি বস্তা হিসেবে ভুট্টা কিনে রোদে শুকিয়ে সাতক্ষীরা, ত্রিশাল,বগুড়া শেরপুর পাবনা, ঈশ্বরীসহ দেশের বিভিন্ন জেলায় ২৪ থেকে সাড়ে ২৫ টাকা কেজি হিসেবে বিভিন্ন ফিড কোম্পানি, মাছ ও গরুর খামারে বিক্রি করি।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষি বিদ মোঃ আব্দুল মতিন বলেন, পঞ্চগড় জেলায় এ বছর ভুট্টার লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ১০০হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৩০ হাজার ৭১০ হেক্টর। কারণ ভুট্টার চাহিদা বাজারে বেশি। কৃষকরা ভাল দাম পাচ্ছে। এটা মার্কেটিং এ খুব একটা পরিশ্রম করতে হয় না। ভুট্টা মাড়াই করার পর ব্যাপারীরা সাথে সাথে কিনে নিয়ে যায়। ফলে চাষীরা ভুট্টা চাষ করে অনেকটা সুনিশ্চিত হয়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদেরকে পরামর্শ দিচ্ছি এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করছি। ফলে চাষীরা ভুট্টা চাষে সফলতা পাচ্ছে।
আমন্ত্রণ/এজি
পঞ্চগড়ে বাড়ছে ভুট্টার চাষ
জুন ১৩, ২০২৬
































