আমন্ত্রণ ডেস্ক :
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ট্রাক, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।
হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। অসতর্ক চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই আফগান নাগরিক।
তিনি আরো জানান, প্রথমে দ্রুতগতির বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর কয়েক মিনিট পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। দুর্ঘটনায় বেঁচে গেছেন মাত্র তিনজন যাত্রী।
জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসের যাত্রীরা সবাই ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। সেই নির্দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ফিরে এসেছেন ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। নিহত যাত্রীরাও তাদের মধ্যেই ছিলেন।
আফগানিস্তানে বড় সড়ক দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিল।
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১ জন
আগস্ট ২০, ২০২৫
































