আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট):
শখ থেকে শুরু, আর এখন পুরো উঠান জুড়ে সবুজের সজীবতা—এভাবেই আখ চাষে নিজেকে সম্পৃক্ত করেছেন জয়পুরহাটের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহমুদুল হাসান। নওগাঁয় বেড়াতে গিয়ে মনের খেয়ালে কিনেছিলেন মাত্র এক হাজার পিস ফিলিপাইন জাতের আখের চারা। কৃষিকাজের পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকলেও ইউটিউব ভিডিও দেখে শিখে নিজের উঠানে সযত্নে আখ চাষ শুরু করেন তিনি।
মাত্র ছয় মাসেই বাড়ির উঠান ভরে গেছে ঘন সবুজ লম্বা আখে। নিজেই বললেন, “এই আখের উচ্চতা আমারও চেয়ে বেশি, বছর পূর্ণ হলে আরও বড় হবে।” কৃষি অফিসের নিয়মিত পরামর্শে বর্তমানে আখ গাছগুলো সুস্থ ও সতেজ অবস্থায় বেড়ে উঠছে বলে জানান তিনি।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া গ্রামে প্রধান সড়কের পাশেই সেনাসদস্য মাহমুদুল হাসানের বাড়ি। রাস্তা থেকেই চোখে পড়ে খয়েরি-কালো ফিলিপাইনি আখের সারি। শুধু আখ নয়, বাড়ির চারপাশে রয়েছে বস্তায় আদা, নানা ফলফলাদি ও শাকসবজির বাগান।
তিনি বলেন, “ছয় শতক জমিতে লাগিয়েছি এসব আখ। পরিচর্যায় খুব বেশি খরচ হয়নি। রাসায়নিক সার খুব কম, তবে পোকামাকড় নিয়ন্ত্রণে কিছুটা কীটনাশক ব্যবহার করেছি।” শুরু থেকে এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা।
আখের বাজারমূল্য প্রসঙ্গে তিনি জানান, প্রতি পিচ আখ ৫০ টাকা দরে বিক্রি করতে পারলে তার খরচ বাদ দিয়েও কমপক্ষে ৪০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, “ফিলিপাইনের এই বিশেষ জাতের আখে খরচ কম, লাভ বেশি। এই জাতের আখে রসের পরিমাণও বেশি, খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চাইলে যে কেউ শখের পাশাপাশি বাণিজ্যিকভাবে আখ চাষ করে লাভবান হতে পারেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি, যাতে নতুন উদ্যোক্তারা আগ্রহী হয়ে কৃষির দিকে ঝুঁকতে পারেন।”
আমন্ত্রণ/পিজিএস
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>ফিলিপাইন খয়েরী কালো আখ</h2> <h1 style='color: black; margin: 0;'>বাড়ির উঠানে আখ চাষে সফল অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহমুদুল</h1>
জুলাই ২১, ২০২৫


































