আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে জমকালো নবীনবরণ অনুষ্ঠান ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, দর্শন, গণিত এবং ইংরেজি বিভাগে একযোগে নতুন শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুরু হয়। দিনটি ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দ ও উৎসবের এক নতুন অধ্যায়ের সূচনা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর প্রতিটি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, নিজেকে সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। এই কলেজ হবে তোমাদের আগামী দিনের সফলতার ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিপন মিয়া। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অধ্যবসায় ও নৈতিকতার সাথে পড়ালেখা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অনার্স ভর্তি কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিনসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
নবীনবরণ উপলক্ষে কিছু বিভাগে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হয়। দিনভর কলেজ ক্যাম্পাস জুড়ে ছিল প্রাণচঞ্চল উৎসবের আমেজ।
শিক্ষার্থীরা জানায়, প্রথম দিনেই শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও দিকনির্দেশনা পেয়ে তারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, যা পুরো কলেজকে উৎসবমুখর করে তোলে।
আমন্ত্রণ/পিজিএস
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>ফুলবাড়ী সরকারি কলেজ</h2> <h1 style='color: black; margin: 0;'>নবীনদের প্রাণবন্ত বরণ : শুরু হল সম্মান প্রথম বর্ষের পাঠদান</h1>
জুলাই ২১, ২০২৫
































