আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে লিলি খাতুন (৩৫) নামে এক সন্তানের জননী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। লিলি খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের নুরুন্নবীর স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালী গ্রামের হযরত আলীর মেয়ে লিলি খাতুনের প্রায় ১৮ বছর আগে নুরুন্নবীর সাথে বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে নুরুন্নবী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সাভার জেলা সদরে একটি বাড়া বাসায় অবস্থান করে। সেখানে নুরুন্নবী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে থকে। কিন্ত স্বামী দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করায় তাদের সুখের সংসারে অশান্তির সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হয়।
গত রোববার (১৩ জুলাই) সকালে স্ত্রীর সাথে বিরোধ করে নুরুন্নবী গাড়ি চালানোর উদ্যেশে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে স্বামী বাসায় না থাকার সুযোগে লিলি খাতুন গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় লিলি খাতুনের মৃত্যু হয়।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, সংবাদ পেয়ে জোড়খালী গ্রামে গিয়ে ঘটনাটি তদন্ত করে দেখেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার আদেশে ময়না তদন্ত ছাড়াই লিলির মৃতদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































