আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবতাব উদ্দিন (৭০) ও তার স্ত্রী রিভা আক্তারকে (৩০) হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ল²িমন্ডপ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শাহজাহান আলী তার বাবা, স্ত্রী ও সন্তান রেখে সৌদি আরব অবস্থান করছেন। বাড়িতে বৃদ্ধ পিতা ও স্ত্রী সন্তান থাকতেন। ঘটনারদিন রাতের কোনো এক সময়ে মাটির বাড়ির দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাদের হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনায় বেঁচে থাকা শাহজাহানের শিশুকন্যা জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রেবেকা তাসনিম মালিহা (৮) সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ইতোমধ্যেই বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম সহ ডিবি, র্যাব, পিবিআই সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আবতাবের খালাতো ভাই আমজাদ হোসেন জানান, তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ছিলেন। এখন তিনি কৃষি কাজে ব্যস্ত থাকেন। তার দুইছেলে ও দুইমেয়ে। বড়ছেলে শাহজাহান সৌদি প্রবাসী এবং ছোটছেলে সিহাব পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আমার ভাইয়ের সঙ্গে গ্রামের কারো তেমন বিরোধ ছিল না। তবে জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা রয়েছে। এ ঘটনা থেকেও এ হত্যাকান্ড হতে পারে।
জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, নিহত আবতাবের কারো সঙ্গে খারাপ আচরণ ছিল না। তিনি একজন ভালো মানুষই ছিলেন। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা বলা মুশকিল। তবে প্রশাসন তদন্ত করলেই ঘটনার রহস্য উৎঘাটন হবে।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম প্রবাসীর পিতা ও স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাসপাতালে প্রেরণ করা হবে। তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) হোসাইন মোহাম্মাদ রায়হান বলেন, আমরা ঘটনাস্থলে এসে দু’জনের লাশ পেয়েছি এবং পরিবারের ৮বছরের জীবিত আরও একজন শিশুকে পেয়েছি। তার সঙ্গে এখনো কোনো কথা আমাদের হয়নি। তদন্ত করে জেনে শুনে কি ঘটনা তা জানাতে পারবো। প্রাথমিক আমাদের ধারণা এটা একটা দস্যুতার ঘটনা।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা
জুলাই ১১, ২০২৫
































