বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির অজ্ঞাত এক বাসের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিন টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রনবাঘা এলাকার শহরকুড়ি গ্রামের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘার শহরকুড়ি গ্রামের আলহাজ্ব জলিল হোসেনের বড় ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ছোট ছেলে ইদ্রিস আলী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব জলিল হোসেনের দুই ছেলে ইসমাইল ও ইদ্রিস আলী নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস থেকে জরুরী কাজ শেষ করে নিজেদের বাজাজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তা শহরকুড়ির মাথায় পৌঁছলে বগুড়া থেকে রাজশাহী গামী দ্রুতগতির একটি অজ্ঞাত নামা বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই ভাই রাস্তায় পড়ে ২০ থেকে ৩০ হাত ছিটকে যায় । চাকায় পৃষ্ট হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে দুই ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্তের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি।
আমন্ত্রণ/এসিজি
নন্দীগ্রামে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের
জুলাই ১৪, ২০২৫


































