আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বিদেশে পাড়ি দিয়ে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন ছিল রাসেল মাহমুদের(২১)।পাসপোর্ট-ভিসা সবকিছু প্রস্তুত, শুধু অপেক্ষা ছিল ফ্লাইটের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়কে প্রাণ হারিয়ে পৃথিবী থেকেই বিদায় নিলেন তিনি।নিহত রাসেল বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে।
চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল জানান, দীর্ঘদিন বেকার ছিলেন রাসেল। পরিবারের আর্থিক টানাপোড়েনে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে অনেক কষ্টে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরি করেন। কয়েক দিনের মধ্যেই তার মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন নিয়েই চিরবিদায় নিলেন তিনি।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাসেল বাড়ি থেকে পাশের জোড়শিমুল বাজারে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাজারের অদূরে রাস্তায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে জোড়শিমুল বাজারের একটি ক্লিনিকে নেন। পরে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ জুলাই) ভোরে রাসেলের মৃত্যু হয়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রাসেলের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম এবং এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরুণ বয়সেই জীবন থেকে ঝরে যাওয়া এক সম্ভাবনাময় যুবকের করুণ পরিণতি স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে।
আমন্ত্রণ/এসিজি
বিদেশ যাওয়ার আগেই শেষ হলো জীবনের পথচলা ধুনটে অটোরিকশার ধাক্কায় স্বপ্নভঙ্গ যুবকের
জুলাই ৫, ২০২৫
































