বগুড়া ব্যুরো:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহাদী বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের রাজনীতির বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এখন সময় এসেছে দেশ গড়ার। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। এখনই সময় বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।এনসিপি বগুড়া জেলা শাখার আয়োজনে ৫ জুলাই সকাল ৯টায় পলিটেকনিক থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা ও সকাল ১০ টায় সাতমাথা মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক-সামান্তা শারমিন, সদস্য সচিব-আখতার হোসাইন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক- নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তিনি বলেন, গত ৫ জুন আপনার অনুদানে আগামীর বাংলাদেশ ক্যাম্পেইনে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রাউডফান্ডিং মডেল সূচনা করি। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আপনার টাকায় এনসিপি চলবে বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত অল্প কয়েক দিনে দেশ ও বিদেশ থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন। সেই অনুদানে ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সারা দেশব্যাপী ১ জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শুরু করেছে। কর্মসূচিটি চলবে ৩০ জুলাই পর্যন্ত। এতে করে শহীদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক।
সংবাদ সম্মেলনে সাবিক মাহাদী আরও বলেন, এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে আদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, জেলা কমিটির সদস্য মতিউর রহমান পিটু, শওকত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম, খোকন আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির শাহরিয়ার জুহিন, সৈকত আলী, রাব্বি মন্ডল, শ্রমিক উইং এর সানজিদ আহমেদ তিয়াস, জাহিদুল ইসলাম, খোকন প্রমূখ।
আমন্ত্রণ/এসিজি


































