বগুড়া ব্যুরো:
বগুড়া জেলা যুবলীগ সভাপতির সহযোগী, যুবলীগের সক্রিয় কর্মী, দাদন ব্যবসায়ী ও সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় বেপারী (৩২) অবশেষে ধরা পড়েছেন। গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে শহরের উত্তর চেলোপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ জুন) বিকালে তাকে একটি নাশকতার মামলায় আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওসি ডিবি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।এর আগে দৈনিক কালবেলায় অনলাইনে সন্ত্রাসী হৃদয়ের অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপ ও দাদন ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
পুলিশ জানায়, হৃদয় বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলম বেপারীর ছেলে। এলাকায় কুখ্যাত দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ডান হাত ও সংগঠনটির সক্রিয় কর্মী। লিটনসহ বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।
হৃদয় বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে।ডিবি পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে।
জেলা ডিবির ওসি ইকবাল বাহার জানান, জেলা যুবলীগের সভাপতি লিটনের ঘনিষ্ঠ ও যুবলীগের সক্রিয় কর্মী হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত। লিটনের সহযোগিতায় হৃদয় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এরপর এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। একটি নাশকতার মামলায় বুধবার বিকালে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আমন্ত্রণ/এসিজি


































