আব্দুর রাজ্জাক আশিক ধুনট, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙন কবলিত প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা পূর্বপ্রস্তুতি এবং সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় যমুনার তীরে মহড়া শেষে স্থানীয় ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ছামছুল আলম, ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দিকী, ইএসডিও’র মনিটরিং অফিসার আমির হোসেন এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) প্রতিনিধি সাদেক হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ওয়াসিম আলী সরকার।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় মহড়াটি বাস্তবায়ন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামে একটি বেসরকারি সংস্থা।মহড়ায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত শত শত পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগকালে কীভাবে নিরাপদে থাকতে হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে যমুনা নদীর ভাঙন এলাকায় বন্যা সতর্কীকরণ মহড়া ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
জুন ১০, ২০২৫


































