আব্দুর রাজ্জাক আশিক ধুনট, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের বায়না পূরণ না হওয়ায় হতাশ হয়ে শাকিল আহম্মেদ (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা আতাউল্লাহ গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাকিল আহম্মেদ ওই গ্রামের গার্মেন্টস কর্মী শফিকুল ইসলাম ও মরিয়ম খাতুন দম্পতির ছেলে। তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। শাকিল গ্রামের বাড়িতে দাদার সঙ্গে থেকে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শাকিলের বাবা-মা ঢাকা থেকে গ্রামে আসেন। বাবা-মাকে কাছে পেয়ে শাকিল বিয়ের কথা তোলে। কিন্তু বয়স কম হওয়ায় বর্তমানে বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তারা। এতে মনক্ষুণ্ন হয়ে পড়ে শাকিল এবং রোববার রাতে এ নিয়ে তার সঙ্গে বাবা-মায়ের কথা কাটাকাটি হয়।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, গলায় মায়ের ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে শাকিলের নিথর দেহ।
খবর পেয়ে সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, “শাকিল আহম্মেদের মৃত্যুর ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
আমন্ত্রণ/এসিজি


































