গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাটিসহ আটক করা ২টি ড্রাম ট্রাক নিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চালক আব্দুস সবুর মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন। আহত আব্দুস সবুর মিয়া পৌর সভার মাগুড়া সরবর এলাকার মৃত সেলায়মান আলী ছেলে।
এ ঘটনায় শুক্রবার রাতেই গাড়ী চালক আব্দুস সবুর মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া (শিববাড়ি) গ্রামের বাবলু চন্দ্র বিশ্বাসের বড়ছেলে বাধন বিশ্বাস (২৮) ও ছোটছেলে দেব কুমার বিশ্বাস (২৪) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা উপজেলার তালুককানুপুর ইউনিয়নে এম.এল.বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাটিসহ ২টি ড্রাম ট্রাক আটক করেন। এরপর তিনি উপস্থিত থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাড়ির চালক সবুর মিয়াকে আটক ড্রাম ট্রাক ২টি তাঁর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যেতে বলেন। রাত ২টার দিকে সবুর মিয়া ড্রাম ট্রাক ২টি নিয়ে আসার পথে গোবিন্দগঞ্জ পেকস চক্ষু হাসপাতাল এলাকায় জানজটের কবলে পড়ে। এসময় তালুককানুপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক রিভেলীকে সাথে নিয়ে সবুর মিয়া ড্রাম ট্রাক থেকে মহাসড়কে নেমে যানজট নিরসনের চেষ্টা করে। ইতোমধ্যে দেব বিশ্বাস একটি ফাঁকা ড্রাম ট্রাক এনে সড়কে পুনরায় যানজট সৃষ্টি করে। তখন তাকে যানজট সৃষ্টি করতে নিষেধ করলে ড্রাম ট্রাকের ভিতর থেকে ধারালো দা হাতে নেমে সবুর মিয়ার উপর আক্রমণের চেষ্টা করে।
এসময় সবুরের তার সাথে থাকা ফরহাদ হোসেন ও রিভেলী মিলে দেব বিশ্বাসের কাছে থাকা দা কেড়ে নিলে সে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিদের বিষয়টি জানায়। মোবাইল পেয়ে ৬টি মোটরসাইকেল নিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাতসামা ব্যক্তি মিলে লাঠিসোটা, লোহার রড, ধারালো ছোরা, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র হাতে ঘটনাস্থলে এসে চালক সবুর মিয়াকে মারপিট করে আহত করে পকেটে থাকা একটি নোকিয়া স্মার্ট ফোন ও ১৫ হাজার টাকা বের করে নিয়ে হামলাকারীরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলা
এপ্রিল ১৩, ২০২৫


































