বগুড়া ব্যুরো :
বগুড়ায় জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় মূল অভিযুক্ত রাকিবসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৬ এপ্রিল) রাত পৌণে ১২টার দিকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- বগুড়ার গÐগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২২), গÐগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান রকি (২৫), গÐগ্রাম নতুনপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে তারিকুল ইসলাম (২২), গÐগ্রাম নতুনপাড়া এলাকার জিন্নাহ খানের ছেলে জিসান খান (২১), গÐগ্রাম সারিয়াকান্দি পাড়া এলাকার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ (২০) এবং মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রাকিব হোসেন। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রেস জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভ-এর স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তৌফিকুল ইসলাম নিরব। আহত সাংবাদিক নিয়ন ও খোরশেদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
ডিবি কর্মকর্তা রাকিব হোসেন জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে একাধিক অভিযানে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদক আইনে দুটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও মাদকসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
এপ্রিল ৮, ২০২৫


































