বগুড়া ব্যুরো :
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ তিন জনের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫৫), জেলা যুবলীগের সহ সভাপতি ও বগুড়া পৌরসভার ৯নং ওয়াডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখ (৫০) এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু জাফর আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক রিমান্ডের আবেদনের শুনানি শেষে আসামীদের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে হাজতি আসামি আবু সুফিয়ান সফিকর পক্ষে দাখিলী জামিনে আবেদন নামঞ্জুর করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে সেলিম হোসেন বগুড়া শহরতলির ইসলাপুর হরিগাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি কাহালুর উপজেলার মুরইল লাইট হাউজ স্কুলের একজন সহকারী শিক্ষক ছিলেন । আন্দোলনের সময় ৪ আগস্ট বেলা ৩টার সময় শহরের সাতমাথা স্টেশন রোডে আইএফআইসি ব্যাংকের কাছে ছাত্র জনতার মিছিলে যায়। এসময় ককটেল বিস্ফোরণ, পেট্রল বোমা নিক্ষেপসহ ধারালো অস্ত্রের আঘাতে ও মারপিট করে সেলিম হোসেনকে ঘটনাস্থলে হত্যা করে আসামির পালিয়ে যায়।
পরে ১৬ আগস্ট তার বাবা সেকেন্দর আলী বাদি হয়ে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগে সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপুসহ ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ হতে ৩৫০ জন উল্লেখ করে মামলা দায়ের করে।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সেলিম হত্যা মামলা : বগুড়ায় আ. লীগ-যুবলীগ নেতাসহ ৩ জনের পুলিশ রিমান্ড মঞ্জুর
ফেব্রুয়ারি ২১, ২০২৫


































