বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রæয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নে সুবলী উত্তরপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. রাশেদুজ্জামানের ছেলে রবিউল হোসেন (৪) এবং ইদ্রিস আলীর মেয়ে সামিহা খাতুন (৭)। তারা সুবলী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ও সামিহা প্রতিবেশী। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অজান্তে পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে গ্রামের একজন মহিলা গোসল করতে গিয়ে রবিউলকে পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার করেন। স্থানীয়রা ছুটে এসে দুই শিশুকেই উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোন তথ্য নেই। সরেজমিনে তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
































