দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩৯টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৫৭টি কেন্দ্রকে অধিক, ২৮২টি ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি সাধারণ ভোটকেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর পুলিশসুপার মো. জেদান আল মুসা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনে ১৩টি উপজেলার ৯টি পৌরসভা এবং ১০৩টি ইউনিয়নে অবস্থিত ৮৪৪টি ভোটকেন্দ্রে পুলিশের অনুসন্ধান এবং সরকারি দায়িত্বশীল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভোট কেন্দ্রগুলোকে নিরাপত্তার স্বার্থে এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটপ্রদানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন থাকবেন, যাতে প্রত্যেক ভোটার তার নিজ বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে নিজের ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন।
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা স্বার্থে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে দুই জন অস্ত্রধারী পুলিশ সদস্য ও দুই জন অস্ত্রধারী আনসার সদস্য এবং আট জন লাঠিধারী পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী একজন পুলিশ সদস্য ও দুই জন আনসার সদস্য এবং আট জন লাঠিধারী পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী একজন পুলিশ ও একজন আনসার সদস্য এবং আট জন লাঠিধারী পুরুষ ও নারী সদস্য মোতায়েন থাকবেন।
এছাড়া তিনটি ভোটকেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি টিম সার্বক্ষণিক কেন্দ্রগুলো টহল দেবেন। প্রত্যেকটি পৌরসভায় একটি এবং প্রত্যেক উপজেলায় দুইটি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ঝটিকা টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন । কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সূচনা হলে, আগাম সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কটিকা টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া প্রত্যেক উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগের দিন থেকে পর দিন পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। এ জন্য প্রত্যেক উপজেলা এবং জেলা সদরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কক্ষ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্র এই মনিটরিং কেন্দ্র থেকে ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক ভোটগ্রহণ কার্যক্রম মনিটরিং করা হবে। আইনশৃঙ্খলার দায়িতে নিয়োজিত সব সদস্য ভোটের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
উল্লেখ্য, জেলার ছয়টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন এবং নারী ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ২২ জন ভোটার রয়েছেন।
দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনের ৮৪৪ ভোট কেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ
ফেব্রুয়ারি ১১, ২০২৬


































